‘অনৈতিক কাজের জন্য জেলে গেলে তার দায়িত্ব আমরা নেবো না’

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২১:৩০

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি কমিটির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, কোনও অনৈতিক কাজের জন্য যদি কেউ জেল খাটে সে দায় দায়িত্ব আমরা নেবো না।

বৃহস্পতিবার দুপুরে শিবচরে এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা সমিতির আয়োজনে এই সংবর্ধনা হয়।

নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন, ‘শিবচরে শিক্ষার মান অনেক ভালো। তারপরও কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, এটা দুঃখজনক। বর্তমানে শিক্ষকদের যেই সুযোগ সুবিধা সরকার দিচ্ছে। তারপরও কেন শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপের জন্য অতিরিক্ত ৫০০ টাকা করে নেওয়ার দরকার? মিলাদের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়াটা অন্যায়।’

তিনি আরও বলেন, ‘কিছু লোক আছে যারা বড়ো চেয়ার পেলে ভুলে যায় যে, ওই চেয়ারটি না থাকলে একটি মাছিও তার কাছে যাবে না। মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে, ছোট ছোট শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করিয়ে অস্থির পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করে। ওই সমস্ত লোকের আওয়ামী লীগে কোনও জায়গা নেই। কি লাভ হলো? আন্দোলন করিয়ে, সরকারি গাড়ি ভেঙে? শুধু শুধু কয়েকজন শিক্ষার্থীরা জেলে গেলো, শিক্ষকরা জেলে গেলো। এরকম ঘটনা শিবচরের জন্য কাম্য নয়।’

চিফ হুইপ বলেন, ‘প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি চেয়ে কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়েছে। এরকম ঘটনা শিবচরের মতো জায়গায় আশা করা যায় না। ওই ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তাকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগের কেউ যদি জড়িত থাকে তাকেও বহিষ্কার করা হবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী। এছাড়া জনপ্রতিনিধি, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা-উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিবচর উপজেলা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।

ইত্তেফাক/জেডএইচ