গতকাল বৃহস্পতিবারও আগের দিনের মতোই সামান্য উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দুই পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়েছে। গতকাল উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দুই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫১৪ পয়েন্টে। প্রধান সূচক বাড়লেও ডিএসইর অপর দুই সূচক কমেছে। এর মধ্যে শরিয়াহ সূচক শূন্য দশমিক ৮৭ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬ এবং ১ হাজার ৫৪৮ পয়েন্টে।
ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৫৫ কোটি ৩৮ লাখ টাকা বেশি। আগের দিন বুধবার লেনদেন হয়েছিল ২৯৪ কোটি ২১ লাখ টাকার।
ডিএসইতে গতকাল ৩৫৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৯টির বা ৪৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১২৬টির বা ৩৬ শতাংশের এবং ৫৮টি বা ১৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রিং শাইনের। কোম্পানিটির ১৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা পাওয়ারের ১৭ কোটি ৯ লাখ টাকার এবং ১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স।
ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে :স্কয়ার ফার্মা, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, কেঅ্যান্ডকিউ এবং প্যারামাউন্ট টেক্সটাইল।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৩ পয়েন্টে।
