দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হলো পুরুষদের নিয়ে ব্যতিক্রমধর্মী রান্নার উত্সব। কোনো কাজকে নারী বা পুরুষের—এমনভাবে না দেখতে এর আয়োজন করা হয়। একশন এইড বাংলাদেশ ঘোড়াঘাটের পাওয়ার প্রকল্পের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোড়াঘাট উপজেলা চত্বরে এ রান্না অনুষ্ঠিত হয়। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উত্সবে দিনাজপুর ও গাইবান্ধা জেলার ২৪ জন পুরুষ ২৪টি স্টল দিয়ে অংশগ্রহণ করেন। তারা হরেক রকমের রান্না উত্সবে প্রদর্শন করেন। একশন এইড বাংলাদেশের ঘোড়াঘাট অফিসের সিনিয়র এগ্রিকালচার অফিসার আব্দুল কাইয়ূম ও ম্যানেজার শামিউল জানান, এ প্রোগ্রামকে ছড়িয়ে দিতে তিন জেলা ও ঢাকা সদরের সাংবাদিকদের নিয়ে একশন এইড বাংলাদেশ, এসকেএস ও পিআইবির যৌথ উদ্যোগে পিআইবি ভবনে দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। যার প্রেক্ষাপট গৃহস্থালির সেবামূলক কাজ।
