দিনাজপুর মত্স্য বীজ খামারের চারটি পুকুর পুনঃখননসহ বিভিন্ন কাজে প্রায় ১৫ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাত্ মামলায় জেলা মত্স্য অফিসের উপসহকারী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম ও ঠিকাদার আফসার আলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার বিকালে আদালত সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। দুদক দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আশিকুর রহমান জানান, জেলা মত্স্য অফিসের আওতাধীন পুলহাট মত্স্য বীজ খামারের চারটি পুকুর পুনঃখনন বাবদ ৭ লাখ ৫৯ হাজার ৮৪৫ টাকা, সীমানাপ্রাচীর পুনঃনির্মাণ বাবদ ৭৯ হাজার ৯২৫ টাকা এবং চারটি পুকুর পুনঃখনন করে উত্তোলিত বালু অবৈধভাবে বিক্রি বাবদ ৭ লাখ ৪৭ হাজার ৯৫০ টাকা পরস্পর যোগসাজশে মোট ১৫ লাখ ৮৭ হাজার ৭২১ টাকা আত্মসাতের অভিযোগে চার জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
