বিভিন্ন স্থানে মাদকসহ আটক আট

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ আট জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

নোয়াখালী: মদপান করে মাতলামির সময় নোয়াখালী জেলা পরিষদের সদস্যসহ পাঁচ জনকে আটক করেছে জেলা ডিবির পুলিশ। বুধবার রাতে জেলা পরিষদের ডাকবাংলো থেকে তাদের আটক করা হয়। এরা হলো—জেলা পরিষদের সদস্য কামাল উদ্দিন ওরফে সিএনজি কামাল, সাবেক ছাত্রদল নেতা ও সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শহীদ উল্যা, শামছুল হক অপু, আরশাদ ও জুয়েল। বৃহস্পতিবার জেলা ডিবির এসআই ওমর ফারুক বাদী হয়ে তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাই থানা পুলিশ মো. সালাউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে ৪২ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। বৃহস্পতিবার সকালে মিরসরাই কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে চট্টগ্রামমুখী গাড়িতে ওঠার সময় তাকে আটক করা হয়।

মিরসরাই থানার পুলিশ পরিদর্শক দিনেশ চন্দ্র দাশগুপ্ত বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মহেশপুর (ঝিনাইদহ): মহেশপুরে ৫০৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর ডিএডি আব্দুল আওয়ালের নেতৃত্বে উপজেলার পুড়াপাড়া বাজার এলাকা থেকে চৌগাছা থানার সুখপুকুরিয়া গ্রামের শুকুর আলীকে ফেনসিডিলসহ আটক করা হয়। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ ও মাদক আইনে মামলা হয়।

মীর্জাগঞ্জ (পটুয়াখালী): মীর্জাগঞ্জ উপজেলার বৈদ্যপাশা গ্রাম থেকে আতাহার হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ বুধবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ।

মীর্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।