দেশবরেণ্য নির্মাতা কাজী হায়াত পরিচালিত বীর ছবির শুটিং চলছে। এর ভেতরে শাকিব খান তার ভেরিফাইড পেজে প্রকাশ করেছেন বীর ছবির প্রথম পোস্টার। আর সেটি নিয়েই ফেসবুকসহ বিভিন্ন প্লাটফর্মে চলছে আলোচনার ঝড়। কেউ বলছেন দারুণ পোস্টার। কেউ এটিকে কন্নড় ছবি কেজিএফ-এর অনুপ্রাণিত পোস্টার বলে আখ্যা দিয়েছেন। তবে দীর্ঘদিন পর কাজী হায়াতের ছবি মুক্তি পেতে যাচ্ছে এটিই সবচেয়ে বড় কথা। এদিকে ২০১৯ সালের সবচেয়ে ব্যবসাসফল ছবি বলা হয় শাকিব খানের পাসওয়ার্ড ছবিটিকে। যেটি পরিচালনা করেছেন মালেক আফসারী। ছবিটি সুপারহিট ব্যবসা সফলতা পেলেও এটি নিয়ে নকলের অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে ছবিতে কোনোরকম নকল পাওয়া গেলে চলচ্চিত্র শিল্প ছেড়ে দেবেন বলে বাজি লাগলেও পরে একাধিক চ্যানেল এটিকে নকল বলে প্রমাণ করলে পরবর্তীতে সিনিয়র নির্মাতা মালেক আফসারী তার নিজের কথার আর জবাব দেননি।
তাই সিনিয়র নির্মাতাদের ছবিসহ এখনকার চলচ্চিত্রের মৌলিকত্ব নিয়ে সবারই একটি স্বাভাবিক সন্দেহের জায়গা তৈরি হয়েছে। তবে প্রযোজক-নায়ক শাকিব খান বলেন, ‘আমি যেকোনো আলোচনাকেই খুব ইতিবাচক হিসেবে নিই। আর ছবিটির তো ট্রেলর, টিজার কিছুই রিলিজ হয়নি। তাই অন্তত ছবিটি রিলিজের জন্য এই সময়টুকু আমরা অপেক্ষা করি।’
শাকিব খানের নিজস্ব প্রযোজনার এটি তৃতীয় চলচ্চিত্র। ছবিটির ৫০ শতাংশ কাজ হয়েছে বলে জানান তিনি। ছবিটি সম্পর্কে শাকিব খান আরো বলেন, ‘এটি সম্পূর্ণ দেশপ্রেমের ছবি। ছবিটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তাকে উত্সর্গ করা হচ্ছে। ছবিটি ২০২০ সালে আমার ভক্তদের জন্য সেরা উপহার হবে বলে আমার বিশ্বাস।’
