শিক্ষার মান ও সেরা ফলাফল অর্জনের দিক থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এরমধ্যেই সবার নজর কাড়তে সক্ষম হয়েছে। এর পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও মাইলস্টোনের অর্জন সেরাদের মতোই। সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি আয়োজনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণের পাশাপাশি অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। গত ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উম্মে আজাদ ঢাকা জেলা পর্যায়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। গত ৭ ও ৮ ডিসেম্বর নটরডেম কলেজে অনুষ্ঠিত হয়েছে বিজনেস ফেস্ট বাংলাদেশ-২০১৮। এতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জারিফ আরেফিন, তারেক আহমেদ রাজু ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ফারজাদ আব্দুল্লাহর সমন্বয়ে গঠিত টিম অংশগ্রহণ করে। মাইলস্টোন থেকে অংশগ্রহণকারী এই টিম ‘বিজনেস প্রবলেম সলিউশন উইথ পাওয়ার পয়েন্ট’ বিষয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নটরডেম কলেজে অনুষ্ঠিত বিজনেস ফেস্টের আরেকটি আয়োজন বিজনেস অলিম্পিয়াডে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণি ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী শওকত তাজশির দ্বিতীয় স্থান অর্জন করে।
এ ছাড়াও গত ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত আশুলিয়ায় ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বিএনসিসি ব্যাটালিয়ন প্রশিক্ষণ ক্যাম্প-২০১৮। এতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশগ্রহণকারী প্লাটুন দলীয় নৃত্যে দ্বিতীয়, একক নৃত্য (মহিলা) দ্বিতীয়, একক নৃত্য (পুরুষ) প্রথম এবং ইংরেজি বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করে।
