নিরাপদ বাহন রেলকে নিরাপদ করতে রেলচালকদের (লোকোমাস্টার) দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তবে কোনো অবস্থায় কারো অবহেলার কারণে রেলের ক্ষতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রেল ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেলওয়ের গার্ড ও লোকোমাস্টারদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় উপস্থিত ছিলেন রেলপথ সচিব, ডিজিসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠক সূত্র জানায়, বৈঠকের শুরুতে লোকোমাস্টার ও রেলওয়ে গার্ডরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, রেল চালানোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। এর মধ্যে সম্প্রতি যুক্ত হয়েছে কুয়াশা। কুয়াশার মধ্যে রেল চালানো রীতিমতো ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় ফগ সিগন্যাল অতীব জরুরি। পাশাপাশি অপরিকল্পিত বনাঞ্চলের কারণে সিগন্যাল ঠিকমতো দেখা যায় না। পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থার ক্ষেত্রেও রয়েছে সমস্যা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের অবগত করার পরও খুব একটা কাজে আসেনি।
সূত্র জানায়, বৈঠকে রেলপথ মন্ত্রী গার্ড ও লোকোমাস্টারদের বক্তব্য লিখিত আকারে পেশ করার নির্দেশ দেন। পাশাপাশি রেলপথ মন্ত্রী রেলে যেন দুর্ঘটনা না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকার কথা বনে। ইঞ্জিনে মনিটর স্থাপনের নির্দেশ দেন যাতে প্লেনের মতো সামনের সব দেখতে পায় লোকোমাস্টার। এছাড়া তেল চুরি বন্ধে তাদেরকে সতর্ক থাকার নির্দেশ দেন।
