মানিকগঞ্জ সদর উপজেলায় বিপ্লব হোসেন (৩২) নামে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে কাটিগ্রাম বাজারে এই ঘটনা ঘটে। বিপ্লব সদর উপজেলার মানরা এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে। এ ঘটনায় তিন জন নৈশপ্রহরীকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন— মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পাখি মিয়া, সদর উপজেলার দয়ারামপুর গ্রামের দ্বীনবন্ধু ও ঢাকার ধামরাই উপজেলার ফজলুল হক।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার জানান, প্রতিবন্ধী বিপ্লব রাত দুইটার দিকে কাটিগ্রাম বাজারে যায়। এ সময় বাজারের দায়িত্বরত চার প্রহরী তাকে চোর সন্দেহে মারপিট করে। বিষয়টি জানতে পেরে বাজার কমিটির সভাপতি নুরুল হক দুই নৈশপ্রহরীকে বিপ্লবকে চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন। হাসপাতালে নেওয়ার পথে বিপ্লবের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে পাখিকে এবং তার দেওয়া তথ্য মতে কাটিগ্রাম বাজার থেকে দ্বীনবন্ধু ও ফজলুলকে আটক করে। তিনি আরো জানান, বুধবার সন্ধ্যা থেকে বিপ্লবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে পরিবারের সদস্যরা বিষয়টি এসে অবগত করেন। পরে পরিবারের সদস্যদের জানানো হলে সকালে হাসপাতালে এসে তারা বিপ্লবকে শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
