বদলগাছীতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৩১

নওগাঁর বদলগাছী উপজেলা থেকে স্বপন মণ্ডল (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পারসিন্দুরপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

স্বপন মণ্ডল উপজেলার দেউলিয়া গ্রামের মৃত-সোলায়মান আলীর ছেলে। তিনি পেশায় কবিরাজ ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

 

 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মালেক জানান, স্বপনের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

স্বপনের শ্বশুর আব্দুল জব্বার জানান, কয়েকদিন আগে স্বপন ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় ব্যক্তিরা তাকে মারধর করে। এই বিষয়টি আপোষ করার নামে বৃহস্পতিবার স্বপনকে ওই ব্যক্তিরা ডেকে নিয়ে যায়। এরপর স্বপন আর বাড়ি ফিরেনি। জমি সংক্রান্ত তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি