বিএনপির নেতারা কাজেকর্মে বুঝিয়েছেন, দেশের আইন বা কোনো প্রতিষ্ঠানের প্রতি তাদের শ্রদ্ধা নেই। তাদের বিপক্ষে কোনো আদেশ ও রায় গেলে তারা এইটা মানি না, ওইটা মানি না ও এটা ঠিক না ওইটা ঠিক না বলেন। নিজেদের কয়েকটা সমর্থক নিয়ে গদি ঠিক রাখতে তারা এসব কথা বলছেন।
শুক্রবার সকালে আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আইন সচিব গোলাম সারওয়ার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূঁইয়া, উপজেলা যুবলীগ নেতা মো. আল আমিন মোল্লা, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়া হোসেন নয়ন প্রমুখ।
পরে মন্ত্রী আখাউড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও সলুই খাল খনন শীর্ষক প্রকল্প কাজের উদ্বোধন করেন।
আরও পড়ুন: ৩১ জানুয়ারির মধ্যে ব্রেক্সিট সম্পন্ন করব: বরিস জনসন
এরপর আইনমন্ত্রী আখাউড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এ সময় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে বিশ্বাস করে না। তাদের আইনজীবীদের বক্তৃতা শুনে ও ডাক্তারি রিপোর্ট দেখে আদালত খালেদা জিয়াকে জামিন দেওয়ার প্রয়োজন মনে করে নাই। তিনি তেমন কোন গুরুতর অসুস্থ নন। এই কারণে তাকে জামিন দেয়নি।
জামায়াতের নবনির্বাচিত চেয়ারম্যানের উদ্ধৃতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, উনি চাচ্ছেন বাংলাদেশে একটি ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হোক। কিন্তু ওই পরিস্থিতি বাংলাদেশে নেই। বাংলাদেশের জনগণের বিএনপি ও জামায়াতের দুঃশাসনের কথা মনে আছে। জনগণ ওই জায়গায় ফিরে যেতে চান না।
ইত্তেফাক/এসি
