গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মমেনা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত ও মারপিটে ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের চিকনী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মমেনা বেগম ওই গ্রামের এমদাদুল হক আকন্দের স্ত্রী। আহতরা হলেন- ওই গ্রামের মৃত জসিম উদ্দিন আকন্দের ছেলে এমদাদুল হক আকন্দ (৫৬) ও তার ছেলে কামরুজ্জামান আকন্দ।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এমদাদুল হক আকন্দের সঙ্গে একই গ্রামের মৃত নজির উদ্দিন আকন্দের ছেলে মুছা আলী আকন্দ গং এর ৬৪ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমিটি কিছুদিন আগে এমদাদুল হক দখলে নেয় এবং বসতবাড়ি নির্মাণ করে।
ঘটনার রাত দেড়টার দিকে মুছা আলী আকন্দ ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই জমি দখলে নিতে তাদের বসতবাড়িতে হামলা করে। এক পর্যায়ে তারা মমেনা বেগমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
নিহতের স্বামী এমদাদুল হক জানান, এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন ঘটনাস্থল ত্যাগ করার সময় তার ঘরবাড়িতে আগুন দেয়।
আরও পড়ুন: বিএনপি-জামায়াত বাংলাদেশকে বিশ্বাস করে না
তবে ক্রয় সূত্রে মুছা আলী ওই জমির মালিক দাবি করেন বলেন, এমদাদুল হক সম্প্রতি জোর করে জমিটি দখলে নিয়ে বসতবাড়ি নির্মাণ করেছেন। তারা এই হত্যা ও বাড়িতে অগ্নি সংযোগের ঘটনার সঙ্গে জড়িত নন।
ওসি আরও জানান, শুক্রবার সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে এমদাদুল হক বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আহতদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/এসি
