শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:২৩

হোসেন্দী ইউনিয়নের উপনির্বাচন

নির্বাচন ৩০ ডিসেম্বর, মাঠে পাঁচ প্রার্থী

গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের উপনির্বাচনে প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। “কে হচ্ছেন হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান?” ভোটারদের মধ্যে এখন আলোচিত বিষয়। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের মাধ্যমে ভোটযুদ্ধে নেমেছেন পাঁচ জন প্রার্থী। এরই মধ্যে দলীয় প্রতীকসহ বরাদ্দকৃত প্রতীক নিয়ে ভোট চেয়ে গণসংযোগ করছেন প্রার্থীরা। তারা হলেন:আওয়ামী লীগের প্রার্থী মো. মনিরুল হক মিঠু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. আক্তার হোসেন (মটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী মো. মমিন আলী (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো. কামাল সরকার (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মো. রাসেল মিয়া (চশমা)। তবে হোসেন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্টু মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিলেও শেষ দিন বৃহস্পতিবার প্রত্যাহার করে নেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু তালেব জানান, হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক মজনু গত ২৮ অক্টোবর মৃত্যুবরণ করলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। যে কারণে উপনির্বাচনের মাধ্যমে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে ১০টি ভোটকেন্দ্রের মাধ্যমে ১৭ হাজার ২৪৩ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। তবে দুটি কেন্দ্র বলাকী গ্রাম (চরাঞ্চল) ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিশেষ নিরাপত্তা রাখা হবে।

উপনির্বাচনে প্রার্থীরা জানান, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে ভোট হলে তারা বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন। ইউনিয়নটির উপনির্বাচনে তপশিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।

অপরদিকে শুক্রবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. মমিন আলীর দুই জন সমর্থক ফয়সাল (৩০) ও আরিফকে (৩২) মারধর করার অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থী মো. মনিরুল হক মিঠুর বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মমিন আলী।