৯ দোকানের স্বর্ণালংকার নিয়ে উধাও ব্যবসায়ী

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২০:৩৬

সীতাকুণ্ডে এক স্বর্ণ ব্যবসায়ী অভিনব কায়দায় ৯টি দোকানের ৬১ ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে গিয়েছেন। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

পৌরসদর ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, পৌরসদরের ওসমান গণি শপিং কমপ্লেক্সে মা মনি জুয়েলার্স স্বর্ণের দোকানের যৌথ মালিকদের মধ্যে লিটন পালও একজন মালিক। তিনি ন্যাশনাল মার্কেটের মিমি জুয়েলার্সের মালিক জুয়েল বণিকের কাছে গিয়ে বলেন, তার (লিটন) দোকানে স্বর্ণ কেনার জন্য কয়েকজন ক্রেতা আসে। তাই ক্রেতাদেরকে স্বর্ণ দেখানোর জন্য জুয়েলের কাছ থেকে ২টি স্বর্ণের সীতার হার, ১টি স্বর্ণেও চেইন, ১টি আংটিসহ মোট ৭ ভরি ১১ আনা ৪ রতি স্বর্ণ আনে। এভাবে লিটন সুমন জুয়েলার্স থেকে ১২ ভরি ৩ রতি, সনি জুয়েলার্সের ৮ ভরি ৫ আনা ৩ রতি, লিজার ৫ ভরি ৪ রতি, নিউ আপনের ৯ ভরি ১০ আনা, বন্ধু স্বর্ণেও ৪ ভরি ২ রতি, নিউ সন্দীপের ৭ ভরি ২ আনা, বাগদাদ থেকে ২ ভরি ৫ রতি, শাহ আমানতের ৩ ভরি ১৪ আনা।

এভাবে লিটন ৯টি স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে মোট ৬০ ভরি ১৩ আনা ৩ রতি স্বর্ণ নিয়ে রাত ৭টায় সীতাকুণ্ড থেকে উধাও হয়ে যান। স্বর্ণালংকারগুলোর আনুমানিক মূল্য ২৬ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় ব্যবসায়ীদের পক্ষে বাগদাদ জুয়েলার্সের মালিক নু মোহাম্মদ বাদী হয়ে থানায় মামলা করেন।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি লিটনের পূর্ব পরিকল্পিত ঘটনা এবং তাকে গ্রেফতার ও স্বর্ণালংকারগুলো উদ্ধার করার চেষ্টা করবো।

ইত্তেফাক/জেডএইচ