এখনই মতামত দিচ্ছে না বিসিবি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:০৪

সন্তোকির-প্রশ্নবিদ্ধ বোলিং

স্পোর্টস রিপোর্টার

ক্রিসমার সান্তোকি। ক্যারিবিয়ান এই বাঁহাতি পেসার আগেও বিপিএলে খেলেছেন। কিন্তু কখনই পারফরম্যান্স দিয়ে নজর কাড়তে পারেননি। তবে চলমান বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দিনই সবার চক্ষু চড়াকগাছ করে দিয়েছেন ৩৪ বছর বয়সি সান্তোকি।

তবে এবারও পারফরম্যান্স তার মূল কারণ নয়। টুর্নামেন্টের প্রথম দিনে সিলেট থান্ডারের হয়ে খেলা সান্তোকি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে বিশাল নো বল, ওয়াইড বল করে সবার নজরে পড়েছেন। প্রশ্নবিদ্ধ, সন্দেহজনক ছিল তার বোলিং। সিলেট থান্ডারের টিম ডিরেক্টর তানজিল চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, সান্তোকির বোলিংয়ে ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন তিনি। বিষয়টি তদন্তের অনুরোধও জানিয়েছেন তিনি।

এই ক্যারিবিয়ানের প্রশ্নবিদ্ধ নো-ওয়াইড বলের ইস্যুতে তদন্তের বিষয়ে আলোচনা করছে বিসিবি। তবে এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেছেন, দুর্নীতি ঠেকাতে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বিসিবি।

সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আপনারা জানেন, দুর্নীতি ঠেকাতে প্রতি দলে একজন করে দুর্নীতি দমন ইউনিটের সদস্য নিয়োগ করেছি আমরা। কিন্তু এই বিষয়ে এখন  কোনো মন্তব্য করতে চাই না, এটা এই মুহূর্তে আভ্যন্তরীণ বিষয় হিসেবে থাকুক।’

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিপিএলের প্রথম ম্যাচে ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই তৃতীয় বলটি ওয়াইড, পঞ্চম বলটি নো করেছেন সিলেটের পেসার সান্তোকি। এবং তা সন্দেহ ছড়িয়েছিল সবার মনে। ওয়াইড বলটি ছিল উইকেটের অনেক বাইরে,  নো বলের সময় তার পা ছিল দাগের প্রায় দুই হাত বাইরে।