কয়েকদিন পরই বিদায় নেবে চলতি বছর। বিদায় বেলায় পাওয়া-না পাওয়ার হিসেব-নিকেশ করে বলা যায়, চলচ্চিত্রে কয়েকবছরের মন্দার ধারাবাহিকতা অব্যাহত ছিল। তবে নতুন ভাবনা ও নির্মাণের ধারাবাহিকতা বেড়েছে। সেইসাথে বাড়ছে দর্শকের আগ্রহও। চলতি বছরে আর কোনো উল্লেখযোগ্য চলচ্চিত্র মুক্তি না পেলেও ২০১৯ সালের শুরুতে চলচ্চিত্রপ্রেমীদের জন্য ৫টি চমক অপেক্ষা করছে। এগুলো হলো ফাগুন হাওয়া, বিউটি সার্কাস, নোলক, যদি একদিন ও ঊনপঞ্চাশ বাতাস।
পরিচালক তৌকীর আহমেদের নতুন ছবি ‘ফাগুন হাওয়া’ মুক্তি পাচ্ছে ৮ ফেব্রুয়ারি। এ বছর সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা হয় চলচ্চিত্রাঙ্গনে। কারণ ভাষা আন্দোলন নিয়ে এটিই প্রথম চলচ্চিত্র। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা যশপাল শর্মা, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রওনক হাসান, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত প্রমুখ।
বছরের শুরুতে মুক্তি পাবে জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’। এটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, তৌকীর আহমেদ, এবিএম সুমন প্রমুখ। চলচ্চিত্রটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন হুমায়ূন সাধু।
নতুন বছরের শুরুতে শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি প্রথমে রাশেদ রাহা পরিচালনা শুরু করলেও নানা জটিলতা কাটিয়ে ছবির কাজ শেষ করেন ছবির প্রযোজক সাকিব সনেট। জানা গেছে, ভালোবাসা দিবসে মুক্তি পেতে পারে চলচ্চিত্রটি।
আরেকটি বড়সড় চমক দিতে যাচ্ছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার পঞ্চম সিনেমা ‘যদি একদিন’-এ অভিনয় করেছেন তাহসান ও কলকাতার শ্রাবন্তী। যদি একদিন ছবিতে আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, সাবেরি আলম, নাজিবা বাশার, মিলি বাশার, রাইসা প্রমুখ। ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। চলচ্চিত্রটি এখন মুক্তির জন্য প্রস্তুত। ছবিটি বছরের শুরুতেই আসবে রূপালি পর্দায়। এই ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শারলিন ফারজানা।
‘নোলক’ চলচ্চিত্রের একটি দৃশ্য
