ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাধুহাটী-হরিণাকুণ্ড সড়কের দখলপুর স্টোন ইটভাটার কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের কনস্টেবল ইসমাইল হোসেন (২৫) নিহত হয়েছেন। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ইসমাইল হরিণাকুণ্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের মজিবর রহমানের ছেলে।
শুক্রবার বিকাল প্রায় ৬টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। আহত অবস্থায় তাকে হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জাকির হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ৫ দিনের ছুটিতে ইসমাইল বাড়ি যান। তিনি নববিবাহিত। শুক্রবার বিকালে ঝিনাইদহের সাধুহাটী বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে দখলপুরের নাওমারা মাঠে স্টোন ইটভাটার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন।
ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার এস আই আব্দুল জলিল জানান, ৫ বছর আগে ইসমাইল পুলিশ বাহিনীতে যোগ দেন।
ইত্তেফাক/কেকে
