বাংলাদেশ সরকারের ‘বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন’ এ উত্কর্ষ সাধনে মূল স্লোগান ‘ডিজিটাল বাংলাদেশ’ অনুসরণে নবীন বিজ্ঞানীদের উত্সাহিত করতে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, ইউনিয়ন ব্যাংক ও জাতীয় বিজ্ঞান জাদুঘরের সহযোগিতায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় কংগ্রেস। গতকাল শুক্রবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অডিটোরিয়ামে এ কংগ্রেসের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এ কংগ্রেস চলবে আগামী রবিবার পর্যন্ত। এখানে তরুণ বিজ্ঞানীরা তাদের বিভিন্ন কার্যক্রমের প্রেজেন্টেশন নিয়ে হাজির হয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, নবীন বিজ্ঞানীদের গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে যথার্থ ভূমিকা পালন করতে হবে। আর এই বিজ্ঞানীদের মাধ্যমেই বিশ্বের দরবারে দেশকে একটি উন্নত দেশ হিসেবে তুলে ধরতে হবে। এই খুদে বিজ্ঞানীরাই আগামী দিনে দেশের সম্পদ। তাদের দ্বারাই বাংলাদেশের উন্নয়নের লক্ষ্য অর্জন হবে।
ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী, ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। এছাড়া বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সেক্রেটারি ড. হাসিনা খান, অধ্যাপক কে এম সুলতানুল আজিজ ও অধ্যাপক লিয়াকত আলী উপস্থিত ছিলেন। অন্যদিকে গতকাল বিকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আগত নবীন ও প্রবীণ বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকসহ অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে পুরো জাদুঘর প্রাঙ্গণ।
