ডাকাতির সময় র‌্যাব-ডাকাত গোলাগুলি, অস্ত্রসহ আটক ৩

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৬:০৬

নাটোরের সিংড়ায় র‌্যাব ও ডাকাতদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কৈগ্রাম এলাকা থেকে তাদের আটক এবং একটি বিদেশি রিভলভার, ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

শনিবার সকালে নাটোর র‌্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ও র‌্যাব-৫ এর অধিনায়ক মাহফুজুর রহমান।

আটক ডাকাতরা হলো- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গোচন এলাকার মৃত আশরাফের ছেলে সাইফুল ইসলাম, নওগাঁর ভবানীগাতি এলাকার মৃত নিজামের ছেলে মোহাম্মদ ইসলাম এবং সিংড়ার মালকুড় কারিকর পাড়ার মনতাজের ছেলে বুলবুল।

র‌্যাব কর্মকর্তা জানান, গোপনে খবর পেয়ে র‌্যাব সিংড়া উপজেলার কৈগ্রাম এলাকায় এমদাদুল হক দুলালের বাড়িতে অবস্থান নেয়। এ সময় একদল ডাকাত তার বাড়িতে হানা দিলে র‌্যাব সদস্যরা প্রতিরোধ করে। তখন ডাকাতদের সঙ্গে র‌্যাবের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে র‌্যাব ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে পিছু হটে ডাকাতরা। পালানোর সময় র‌্যাব ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে। 

আরও পড়ুন: রুম্পার দেহে ধর্ষণের আলামত মেলেনি: চিকিৎসক 

মাহফুজুর রহমান আরও জানান, ডাকাত দলের সদস্যদের আটক করতে গিয়ে দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি চক্রের মাধ্যমে বিভিন্ন জেলায় ডাকাতির কথা স্বীকার করেছেন। অন্য ডাকাত সদস্যদের ধরতে অভিযান চলছে। 

ইত্তেফাক/এসি