মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা জানান,
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে শনিবার ভোর সাড়ে ৪টায় অগ্নিকাণ্ডে ৯টি দোকান ভস্মীভূত হয়। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে সাত ব্যক্তি আহত হন।
বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারের পাহারাদার অলি মিয়া মধ্য বাজারের বিশু মাঝির দোকানে আগুন দেখে ডাকচিত্কার দিলে আশপাশের মানুষ ছুটে আসে। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও দাউদকান্দি উপজেলার ফায়ার সার্ভিসের দল গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে নায়েরগাঁও মধ্য বাজারের পাঁচটি মুদি দোকানসহ স্বর্ণ, ফল, লন্ড্রি ও চায়ের দোকান পুড়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য টিন ও নগদ অর্থ প্রদান করা হবে।
