লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক নয়

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৬

স্পোর্টস রিপোর্টার

প্রতিটি দলে একজন করে লেগ স্পিনার খেলাতে হবে। দলে থাকতে হবে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি জোরে বোলিং করার ক্ষমতাসম্পন্ন ফাস্ট বোলার। বঙ্গবন্ধু বিপিএল শুরুর আগে এসব নিয়ম বেঁধে দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও নিয়মগুলো ঘোষণা করা হয়েছিল।

টুর্নামেন্ট মাঠে গড়াতেই নিয়ম মানার লক্ষণ নেই দলগুলোর মাঝে। বিশেষ করে স্কোয়াডে থাকা সত্ত্বেও টিম কম্বিনেশনের কারণে অনেক দলই খেলাচ্ছে না লেগ স্পিনার। যেমনটা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শিবিরে দর্শক হয়ে আছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। অথচ চট্টগ্রাম খেলে ফেলেছে তিনটি ম্যাচ।

গতকাল বঙ্গবন্ধু বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান জানিয়েছেন, লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক নয়। শুধু দলে লেগ স্পিনার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিপিএলে লেগ স্পিনার খেলানোর নিয়ম সম্পর্কে জানতে চাইলে গতকাল মিরপুর স্টেডিয়ামে রকিবুল হাসান বলেছেন, ‘যেটা বলা হয়েছে, ১৪০ কিলোমিটার গতির একজন থাকবে বা একজন লেগ স্পিনার রাখার জন্য। এটা বাধ্যবাধকতার জন্য বলা হয়নি। এটা একটা আপিল ছিল। আমরা এটাকে গাইডলাইন হিসেবে দেখছি। এটা একটা গাইডলাইন দিয়েছি আমরা।’

তিনি আরো বলেন, ‘আমরাও চাই বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন বাউন্সি উইকেটে খেলতে পারে পেসারদের বিপক্ষে। লেগ স্পিনারদের বিপক্ষেও ধাতস্থ হতে পারে। তারপরও ভালো লেগেছে। কয়েকটি টিমকে দেখেছি লেগ স্পিনার খেলাচ্ছে। পেস বোলারদের মধ্যে ওয়াহাব রিয়াজ আছে, এখানে আমির আছে। তারা জোরেই বল করছে, উইকেটও পাচ্ছে।’

ব্রডকাস্টের মান আগের চেয়ে বেড়েছে বলেই দাবি রকিবুল হাসানের। বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান গতকাল জানালেন, ‘এবার ৩৪-৩৫টি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। আমরা এঙ্গেলগুলো পাচ্ছি। আমাদের ডিআরএস আছে এবার। ডিআরএসে আমরা চারটি জিনিস এনেছি আপনারা জানেন। আলট্রা এজ তো আছেই। হটস্পট নেই। এটা খুব ব্যয়বহুল। এটা আনা যায় না। সেদিক থেকে মনে হচ্ছে এখন পর্যন্ত ব্রডকাস্টিং ভালো হচ্ছে। নতুন মাত্রা যোগ হচ্ছে আস্তে আস্তে। আমরা একটা জিনিস সংযোজন করতে চাচ্ছি জায়ান্ট স্ক্রিনে। যেটা নিয়ে ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেছি। ডিআরএসের যে কাউন্ট ডাউনটা হয়, এটা যেন জায়ান্ট স্ক্রিনে আমরা আনতে পারি। এটা আমরা করতে চাচ্ছি।’

সপ্তম আসরের শুরু থেকেই দর্শকখরায় ভুগছে বিপিএল। রকিবুল হাসানের মতে, ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছে এই টি-২০ টুর্নামেন্ট। আগের চেয়ে উইকেট অনেক ভালো হয়েছে। সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘ছন্দটা আস্তে আস্তে পাচ্ছি। কেবল শুরু হয়েছে। উইকেটটা অনেক ভালো। ঢাকার উইকেট সব সময় স্পিনবান্ধব দেখি, যেটা অন্তরায় হয়ে দাঁড়ায়। এ ধরনের টুর্নামেন্টে সবাই রান দেখতে চায়। এবার উইকেটটা আমরা ভালো পাচ্ছি। পেস বোলাররা উইকেট পাচ্ছে। বল কিছুটা বাউন্স ক্যারি করছে। বল ব্যাটে আসছে।’

ধারাভাষ্যকার প্যানেলে ভারতীয় সাবেক নারী ক্রিকেটার আনজুম চোপড়ার সংযোজন নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন রকিবুল হাসান। একই সময়ে চলমান অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ, ভারত-ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান-শ্রীলঙ্কা চলছে। তাই ভালো মানের ধারাভাষ্যকারদের ফ্রি পাওয়া যাচ্ছে না।