স্পোর্টস রিপোর্টার
অকালেই চিরবিদায় নিয়েছেন ক্রীড়া সাংবাদিক অর্ণব মজুমদার। তারুণ্যেই অর্ণবের আকস্মিক অন্তিম যাত্রা শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে দেশের ক্রীড়া সাংবাদিকদের। মাত্র ২৭ বছর বয়সে গত শুক্রবার হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অর্ণব। বৃহস্পতিবারও বিপিএলের ম্যাচ কাভার করেছিলেন তিনি।
প্রিয় সহকর্মীর আত্মার শান্তি কামনায় গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে এক মিনিট নীরবতা পালন করেন ক্রীড়া সাংবাদিকেরা। শুক্রবার সন্ধ্যায় বিপিএলের ম্যাচ চলাকালীন জায়ান্ট স্ক্রিনে শোক জানানো হয়। তার মৃত্যুতে বিসিবি, ক্রীড়া সাংবাদিকদের সংগঠনগুলো গভীর শোক জানিয়েছে।
মৃত্যুর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া বিভাগের সহসম্পাদক হিসেবে কাজ করতেন অর্ণব। এর আগে দৈনিক সমকালে তিন বছর কাজ করেছেন। নেত্রকোণার ছেলে অর্ণব পিতৃহীন ছিলেন। মা ঝুনু রানী সরকার একজন অবসরপ্রাপ্ত নার্স, থাকেন নেত্রকোণার বাড়িতে। একমাত্র বোন সুভদ্রা উর্মিলা মজুমদার পেশায় চিকিত্সক।
