ছিটকে গেলেন হ্যাজেলউড

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৭

হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় পার্থ টেস্টে আর বল করতে পারছেন না অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। শুধু এই ম্যাচে নয় সিরিজের বাকি ম্যাচগুলোতেও শঙ্কা জেগেছে তার খেলা নিয়ে। দিবারাত্রি টেস্টের দ্বিতীয় দিনে বল করার সময়ে হ্যামস্ট্রিংয়ের চোট পান হ্যাজেলউড। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরান ওপেনার জিত রাভালকে। নিজের দ্বিতীয় ওভারে মাত্র দুই বল করে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ডানহাতি এই পেসার। ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র চলতি টেস্টে তার আর বল না করার বিষয়টি নিশ্চিত করেন। তবে দলের প্রয়োজনে ব্যাট হাতে নামতে পারেন হ্যাজেলউড। হ্যাজেলউড না থাকায় টেস্টের বাকিটা সময়ে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ সামলাতে হবে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকে।