বাফুফের নির্বাচন, জানুয়ারিতে ইজিএম
স্পোর্টস রিপোর্টার
আগামী এপ্রিলে বাফুফের নির্বাচন। এই নির্বাচনে ইচ্ছে করলে যে কেউ লড়াই করতে পারবেন না। প্রার্থীকে কাউন্সিলর হতে হবে। গত দুই নির্বাচনে কাউন্সিলর হওয়ার কোনো বিধান ছিল না। আগামী নির্বাচনে প্রার্থী হতে চাইলে প্রথমে তাকে কাউন্সিলর হতে হবে, এমন একটি নিয়মের অনুমোদন দিয়েছে বাফুফের নির্বাহী কমিটি। গতকাল বিকালে বাফুফের জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাফুফে কাউন্সিলরদের ডেকে চূড়ান্ত অনুমোদন নিতে চায়। কাল জরুরি সভা শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কাউন্সিলর হয়ে নির্বাচনে প্রার্থী হতে হবে। যেটি আগের দুটি নির্বাচনে ছিল না। আর এই নিয়মটি প্রবর্তন করতে আগামী মাসে বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে।’ বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে আগামী মাসেই এটি হতে পারে। সেভাবে প্রস্তুতি চলছে। যদি কাউন্সিলদের অনুমতি মেলে তবেই আগামী নির্বাচনে পুরোনো নিয়মটি ফিরে আসবে। গত দুই নির্বাচনের আগেই কাউন্সিলর হওয়ার নিয়ম ছিল। তবে এই নিয়ম প্রবর্তন হলে বাফুফের বর্তমান কমিটির কর্মকর্তারাও কাউন্সিলর হবেন বলে জানা গেছে। ভোটাধিকার পাবেন বর্তমান কমিটির কর্মকর্তারা। সাড়ে তিন বছর পর গত ১৬ নভেম্বর বাফুফের সাধারণ সভা হয়েছিল গাজীপুরের একটি রিসোর্টে।
এসএ গেমস ফুটবলে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের পারফরম্যান্স সমালোচিত হয়েছে। ৫ দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় হয়েছে। ব্রোঞ্জ পেয়েছে। এটা ফুটবল দর্শকের কাছে কাম্য ছিল না। সোনার লড়াই করবে ফুটবল দল। সেটা পারেনি। কেন পারেনি তা জানতে টিম ম্যানেজম্যান্টের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছে বাফুফে। গতকাল বাফুফের জরুরি সভা শেষে সালাম মুর্শেদী এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। সঙ্গে তিনি এটাও বলেন, ‘একটা পক্ষের কাজই হচ্ছে সব সময় বিরোধিতা করা। ভালো কিছু হলে তখন কোনো কথা বলেন না তারা।’
