হাসপাতাল থেকে গৃহবধূর লাশ নিয়ে পলায়ন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:৩৩

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতাল থেকে শ্যামলী বেগম (৩০) নামে এক গৃহিণীর মরদেহ নিয়ে পালিয়ে গেছে তার স্বজনেরা।

পাঠামারা গ্রামের কিসলু শেখের স্ত্রী শ্যামলী শনিবার বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বেলা ২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন মুফতি বলেন, শ্যামলী বেগম চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে মারা গেছেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। তবে পুলিশ আসার আগেই তার স্বজনেরা নামাজের সময় কাউকে না জানিয়ে মরদেহ নিয়ে চলে গেছে। 

আরো পড়ুন: বাংলায় এনআরসি ও নাগরিকত্ব আইন কোনটাই হবে না: মমতা 

এ ঘটনার ৪ দিন আগে শ্যামলী বেগম ছোটবাদুরা গ্রামে পিতার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে পারিবারিক কলহের কারণে তিনি কীটনাশক পান করেন বলে জানা গেছে। তার স্বামী কিসলু শেখ ঢাকায় রয়েছেন। তাদের সংসারে কোন সন্তান নেই।  

এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, গৃহিণীর কীটনাশক পানে আত্মহত্যার খবর শুনেছি। অপমৃত্যু মামলা রেকর্ড করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ