বাসে চবি শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২২:১৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে বাসে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জামাল উদ্দিন নগরের অক্সিজেন এলাকার বাইতুল ইমান মাদ্রাসার শিক্ষক। তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চবির মার্কেটিং বিভাগের অভিযোগকারী ওই ছাত্রী জানান, ক্যাম্পাস থেকে শহরে ফেরার জন্য বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে একটি বাসে উঠেছিলাম আমরা কয়েকজন। বাসে ওঠার পর ওই ব্যক্তি আমাদের পেছনের সিটে বসেন। এ সময় তিনি বেশ কয়েকবার সিটের নিচ দিয়ে আমার গায়ে স্পর্শ করেন। আমি তাকে সতর্ক করলে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে কথা বলতে শুরু করেন। পরে বাসে থাকা অন্য শিক্ষার্থীরা তাকে নামিয়ে পুলিশে তুলে দেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে এক জনকে আটক করে চবির পুলিশ বক্সে নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা বিষয়টি দেখছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ বক্সে নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী ছাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে।

উল্লেখ্য, ৮ ডিসেম্বর ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী বাসে যৌন হয়রানির শিকার হন চবির ১ নম্বর গেট এলাকায়। পরে অভিযুক্ত মানিক মিয়াকে (৩২) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।