মুক্তিযুদ্ধের নিদর্শনের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয় জাদুঘর। আগামীকাল সোমবার শুরু হচ্ছে এই বিশেষ প্রদর্শনী; যাতে উঠে এসেছে মুক্তিযুদ্ধের ভয়াবহতা, নৃশংসতা এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্বের আখ্যান।
‘স্বাধীনতা’ অর্জনের পেছনে আছে লাখো মানুষের দুঃখ-বেদনা, অশ্রু, রক্ত, ক্ষোভ, নির্যাতন আর অপমান এবং অবশ্যই অসম সাহসী লড়াইয়ের উপাখ্যানও জড়িয়ে রয়েছে। আবার মুক্তিযুদ্ধ মানে রণাঙ্গনের যুদ্ধ শুধু নয়। জাতির গৌরবময় এ অর্জনের প্রতিটি পাতায় জড়িয়ে রয়েছে আত্মাহুতি আর নৃশংসতার করুণ ইতিহাস। গণহত্যার বর্বর ইতিহাস। কোটি মানুষের আহাজারি, নারীর ত্যাগ আর মৃত্যু। নিজের জীবন বিলিয়ে দেওয়ার পণ। প্রদর্শনীতে উঠে এসেছে এই রক্তাক্ত ইতিহাসের খণ্ড খণ্ড চিত্র। ছবিতে দলিল ও নিদর্শনের মধ্যে তুলে ধরা হয়েছে মহান মুক্তিযুদ্ধকে।
এই বিশেষ প্রদর্শনীতে বিশেষ সংগ্রহের মধ্যে রয়েছে ২০১৭ সালে ভারতীয় সেনাবাহিনী প্রদত্ত মুক্তিযুদ্ধের দলিলপত্র, যা দর্শক ও গবেষকদের আগ্রহ সৃষ্টি করবে—বলছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ। তিনি বলেন, ‘জাদুঘরে সবকিছু প্রদর্শন করা যায় না। সেজন্য আমাদের স্টোরে সংরক্ষিত মূল্যবান নিদর্শন থেকে বাছাই করে এই প্রদর্শনীর আয়োজন।’
জাদুঘরের জনশিক্ষাবিষয়ক কিপার ড. শিহাব শাহরিয়ার জানালেন, প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের প্রায় সোয়াশ সংগৃহীত নিদর্শন স্থান পেয়েছে।
প্রদর্শনীতে আরো স্থান পেয়েছে রণাঙ্গন থেকে মুক্তিযোদ্ধাদের লেখা চিঠি। মা-বাবা ও স্ত্রীকে লেখা সেই সব চিঠিতে মুক্তিযুদ্ধে বিজয়ের আকুতি ফুটে উঠেছে। রয়েছে পাকিস্তানি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডায়েরি; রাজাকার ও আলবদরদের পরিচয়পত্র প্রভৃতি। প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
মহান বিজয় দিবস উদ্যাপনের অংশ হিসেবে জাতীয় জাদুঘর আয়োজন করেছে মুক্তিযুদ্ধের নিদর্শনের বিশেষ প্রদর্শনী, বিজয়ের গান ও মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা সভার। সোমবার বিকাল ৫টায় প্রদর্শনীর উদ্বোধক ও সভায় সভাপতিত্ব করবেন জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শামসুজ্জামান খান। প্রধান বক্তা হিসেবে রয়েছেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুন হাবীব। আলোচনায় অংশ নেবেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, শহিদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী ও ম. হামিদ। স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ। আলোচনা শেষে সংগীত পরিবেশন করবেন শিল্পী তিমির নন্দী ও দেবলীনা সুর।
