হেসে ওঠো জীবনের রোদে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৭:৩১

মিলু শামস

 

কামিনী ফুলের মতো শুভ্র দুপুর

ঝরিয়েছ দু’চোখে তাই, বুভুক্ষু প্রান্তর হাসে

নোনা রোদে। কুহক দ্বীপে হারিয়েছিলে পথ

ময়ূরপঙ্খি বাঁধা ছিল উজান স্রোতে;

কার জীবন যাপন করে এতোকাল ছিলে শাপগ্রস্ত,

ভালোবাসা সন্ন্যাস নিয়ে পড়েছিল অবেলায়।

আজ সম্বিত্ ফিরে পেলে যদি, কাকে তুমি দেখো

রাজকুমার? জাদুকরী আয়না ফেলে দাও

তুলে নাও আতসি কাচ; আঁজলা ভরেছে

সোঁদা সোঁদা রাঙা ফুল, চোরাবালি টান

উবে গেছে, চন্দন সুবাস ওঠে দেহের কপাটে।

সাতমহলায় চাঁদের আঁচলে ঢাকা মুখ

বিরহের প্রস্তর ঠেলে জেগে আছে

কতকাল, শীর্ণ শরীরে তার সজল প্রেমের স্রোত;

ভালোবাসা হেঁটে এলো এই ভৈরবী ভোরে

সাত সমুদ্র তেরো নদী পাড়—

এখানে নোঙর ফেলো, করো জীবনের চাষাবাদ।