ভয়াল ১২ নভেম্বর সরকারিভাবে পালনের দাবি

নানা আয়োজনে উপকূল দিবস পালিত

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২০:৪৪

১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রয়াত উপকূলবাসীর স্মরণে এবং প্রস্তাবিত উপকূল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজন করা হয়। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

 চরফ্যাশন (ভোলা): ‘উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার চরফ্যাশনে প্রস্তাবিত উপকূল দিবস পালিত হয়েছে। ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রয়াত উপকূলবাসীদের স্মরণে চরফ্যাশন প্রেসক্লাব, কোস্টাল জার্নালিস্ট ফোরাম-চরফ্যাশন ও কর্মকুটির বাংলাদেশের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও দোয়া মোনাজাত হয়েছে। প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে চরফ্যাশন প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ১২ নভেম্বরের মহা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন, প্রভাষক মনির আহাম্মদ শুভ্র ও বিভুতি ভুষন বাবুল, আব্দুল হক মিয়া, পৌর কাউন্সিলর আক্তারুল আলম সামু প্রমুখ।

কাঠালিয়া (ঝালকাঠি): উপকূল বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে শোভাযাত্রা স্মারকলিপি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোস্টাল জার্নালিস্ট ফোরাম (সিজেএফবি) ও মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. ফারুক হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম কবির সিকদার ও জেলা পরিষদ সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন।

শরণখোলা (বাগেরহাট): উপকূল বাংলাদেশ’র সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার কমিশন শরণখোলা শাখা আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী। মানবাধিকার কমিশনের শরণখোলা সভাপতি মো. মোহতাসিম বিল্লাহ মাশুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শরণখোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  মহিদুল ইসলাম, কমিশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।

তালতলী (বরগুনা): তালতলীতে প্রস্তাবিত উপকূল দিবস উপলক্ষে সোমবার সকাল ১০টায় তালতলী প্রেসক্লাবের আয়োজনে ও উপকূল দিবস বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপশহরে শোভাযাত্রা, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়। উপকূল দিবস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মু. আব্দুল মোতালিবের সভাপতিত্বে প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তালতলী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান। তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম আলী হাওলাদার, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হারুন অর রশিদ প্রমুখ।