ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৩৭ জন আহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
রাজশাহী: সোমবার রাতে রাজশাহীর পুঠিয়ায় দাঁড়িয়ে থাকা পিকআপের ধাক্কায় বিদেশি নাগরিকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পিকআপ চালক গোলাপ হোসেন (২৬) ও যাত্রী আব্বাসী (৪০)।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া: সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় ১০ জন আহত হয়েছেন। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
সাঁথিয়া (পাবনা): সুজানগর উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের বিরাহিমপুরে সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী।
নিহতরা হলেন উপজেলার দুলাই বদনপুর গ্রামের তফিজ উদ্দিনের ছেলে অগ্রণী ব্যাংকের কর্মী শফিকুল ইসলাম (৩৫) ও সাঁথিয়া উপজেলার মাধপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে আ. হামিদ পালান (৪৫)।
গোপালগঞ্জ: মঙ্গলবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানীতে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। ঠাকুরগাঁও সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
ধামইরহাট (নওগাঁ): মঙ্গলবার সকালে পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এক ধান ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম শরিফুল ইসলাম (৫০)।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, ধান কেনার জন্য ট্রলি নিয়ে পত্নীতলা যাচ্ছিলেন শরিফুল ইসলাম। এ সময় একটি ট্রাক ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
পাইকগাছা (খুলনা): পাইকগাছার কপিলমুনিতে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মাসুম বিশ্বাস (২৫)।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সোমবার উল্লাপাড়ায় ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক মো. বাবুল মিয়া (৩৮) নিহত হয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, পুলিশ দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে। এ ব্যাপারে সলংগা থানায় মামলা হয়েছে।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা): মঙ্গলবার চান্দিনায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তিনিসহ পাঁচজন আহত হন। আহতদের রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
