ড্রতে শেষ হলো বৃষ্টি বাধার খেলা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫

রাওয়ালপিন্ডি টেস্ট

স্পোর্টস রিপোর্টার

প্রথম দিনে ৬৮.১ ওভারে খেলা হয়েছিল। দ্বিতীয় দিনে বৃষ্টি আর আলোকস্বল্পতা মিলিয়ে মাত্র ১৮.২ ওভার খেলা হতে পারল। তৃতীয় দিন হয়েছিল মাত্র ৬.৩ ওভার। চতুর্থ দিন বৃষ্টিতে একটা বলও মাঠে গড়াতে পারেনি। গতকাল পঞ্চম দিনে অবশ্য সারাদিন খেলা হলো। কিন্তু এই অল্প সময়ে দুই দলের একটি করে ইনিংসই শেষ হয়নি। ফলে ড্রতেই শেষ হলো দশ বছর পর পাকিস্তানে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচ।

এই টেস্টে টসে জিতে আগে ব্যাট করছে লঙ্কানরা। তাদের ভালো শুরু এনে দিয়েছিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে ও ওসাধা ফার্নান্দো। দুজনে ৯৬ রানের উদ্বোধনী জুটি করেছিলেন। ১১০ বলে ৫৯ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে ফেরেন করুনারত্নে। আর নাসিম শাহর প্রথম শিকার হয়ে ৮১ বলে ৪০ রান করে ফেরেন ফার্নান্দো। এরপর উসমান সিনওয়ারি ১০ রান করা মেন্ডিসের উইকেট তুলে নেন। নাসিম শাহ ফেরান ৩১ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুসকে। আব্বাসের শিকার হন দিনেশ চান্দিমাল। এরপর শ্রীলঙ্কাকে আবার একটা স্থিতিশীলতা দেন ধনঞ্জয় ডি সিলভা ও নিরোশান ডিকওয়েলা।

দ্বিতীয় দিনে এই দুজন খেলা শুরু করেছিলেন। দিনের যে সময় খেলা হয়েছে তাতে ৬৩ বলে ৩৩ রান করে শাহিনের শিকার হয়েছেন ডিকওয়েলা। তৃতীয় দিন শুরু করেছিলেন ডি সিলভা ও পেরেরা। ডি সিলভা ৮৭ রানে এবং পেরেরা ৬ রানে ব্যাট করছিলেন।

গতকাল খেলা শুরু হলে সেঞ্চুরি পূর্ণ করেন ডি সিলভা। এরপর ৬ উইকেটে ৩০৮ রান করে ইনিংস ঘোষণা করে দেয় শ্রীলঙ্কা। পাকিস্তান জবাবে মাত্র ৩ রানে শান মাসুদের উইকেট হারায়। এরপর অধিনায়ক আজহার আলী ৩৬ রান করেন। তবে পাকিস্তানের প্রাপ্তি হলো খেলা শেষ হওয়ার আগে আবিদ আলী ও বাবর আজম সেঞ্চুরি পেয়েছেন।