মহিউদ্দিন চৌধুরী জনকল্যাণে রাজনীতি করেছেন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২২:২৪

চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী জনকল্যাণে সেবাধর্মী রাজনীতি করেছিলেন বলে মন্তব্য করেছেন দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। গতকাল রবিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ বি এম মহিউদ্দীন চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমু বলেন, ছাত্ররাজনীতি দিয়ে শুরু করে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন মহিউদ্দিন চৌধুরী। তিনি সকল ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন। মহিউদ্দিন চৌধুরীর পুত্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সভায় বলেন, বাবা (মহিউদ্দিন) বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মী হিসেবে রাজনীতি করেছেন। জাতীয় নেতৃত্বে তিনি কখনো আগ্রহ দেখাননি। কারণ তার (মহিউদ্দিন) চিন্তা ও চেতনায় ছিল শুধু চট্টগ্রাম ও চট্টগ্রামের উন্নয়ন। চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ন্যায়নীতি, সংগ্রামী জীবনের আদর্শ ছিলেন তিনি। তার আদর্শকে ধারণ করতে হবে। তার দেখানো পথে চলতে হবে।