হাইকোর্ট বলেছে, ব্যাংকে জনগণের আমানত গচ্ছিত থাকে। সেই আমানত যদি কেউ আত্মসাত্ করে, তাহলে তা খুনের চেয়েও বড়ো অপরাধ। এই অপরাধের সঙ্গে যারা জড়িত, তারা মাটির নিচে থাকলেও সেখান থেকে তাদের খুঁজে বের করতে হবে। এরা কখনো ক্ষমা পেতে পারে না। গতকাল রবিবার দুর্নীতির একটি মামলার শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করে।
আদালত বলেছে, যে কোনো মূল্যে ব্যাংকের আত্মসাত্কৃত অর্থ উদ্ধার করতে হবে। প্রয়োজনে আসামিদের সম্পত্তি বিক্রি করে ব্যাংকের টাকা আদায় করতে হবে। অর্থ আত্মসাত্কারীরা দেশের জনগণের রক্ত চুষে খাচ্ছে। এদের কোনো ক্ষমা নেই। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।
