মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের কর্মসূচি বর্জন 

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২০:৪১

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের অনুষ্ঠান বয়কট করেছেন মুক্তিযোদ্ধারা। জাতীয় পতাকা উত্তোলনের সময় মুক্তিযোদ্ধাদের না ডাকা, সবার পিছনে বসার ব্যবস্থা করাসহ নানা ধরনের অবমাননাকর ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন মুক্তিযোদ্ধারা।

সোমবার বেলা সাড়ে ১২টায় কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদরে কার্যালয়ে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও যুদ্ধকালীন গেরিলা কমান্ডার আব্দুল গফ্ফার আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। 

এসময় মুক্তিযোদ্ধারা কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়ী করে বলেন, উপজেলা প্রশাসন পরিকল্পিতভাবে আজ বিজয়ের দিনে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। অবিলম্বে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

যুদ্ধকালীন গেরিলা কমান্ডার আব্দুল গফ্ফার সাংবাদিকদের বলেন, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ মহান বিজয় দিবস পালনের অনুষ্ঠানে আমাদের কোন দাওয়াত দেননি। তিনি মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক। তিনি সবার কাছে বেশী মর্যাদা পাওয়ার জন্য এহেন কাজ করেছেন। মহান বিজয় দিবসে কলারোয়ার সকল মুক্তিযোদ্ধাদের অপমান ও অবমাননা করায় আমরা বিজয় দিবসের সকল কর্মসূচি বর্জন করলাম।  

কলারোয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা জানান, বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কমিটি, উপ-কমিটি গঠন করা হয়। সেখানে উপজেলা প্রশাসন আমাকে একটি কমিটির সদস্য হিসেবে রাখে। এখনও আমি সেই কমিটির সদস্য হিসেবে আছি। 

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বলেন, আমরা বিজয়ের মাসে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা একত্রিত হয়ে আমরা উৎসব পালন করি। ১৬ ডিসেম্বর আমাদের কাছে গর্বের দিন। এই দিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জীবিত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়, এছাড়া তোপধ্বনি, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পমাল্য প্রদান, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের প্রতিনিধিদের রাখা হয়। অথচ এবার উপজেলা প্রশাসন নিজেদের বসার জন্য উন্নত মানের ব্যবস্থা করলেও যারা এ দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বাধীনতার পতাকা আনলো সেসব মুক্তিযোদ্ধাদের বসার ব্যবস্থা করেছে মাঠের একপাশে নিম্ন মানের অবস্থানে। যা আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য অশ্রদ্ধা করা হয়েছে বলে মনে করেছি। 

এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক আরএম সেলিম শাহনেওয়াজ বলেন, গতবারের মতো এবারও নিয়ম অনুযায়ী বিজয় দিবসের অনুষ্ঠান সাজানো ও উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। 

তিনি আরো বলেন গতবারও মুক্তিযোদ্ধাদের সেখানে বসার ব্যবস্থা করা হয়েছিলো এবারও সেখানে করা হয়েছে। কি কারণে মুক্তিযোদ্ধারা অনুষ্ঠান বর্জন করলেন তা তাদের সঙ্গে আলোচনা করে বলতে পারবো। তা ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হিসাবে তিনিই (ইউএনও) জাতীয় পতাকা উত্তোলন করবেন এটাই নিয়ম।

ইত্তেফাক/জেডএইচ