যে কারণে বিপিএলে কোচিংয়ে নেই সুজন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২১:১৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতি আসরেই কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন খালেদ মাহমুদ সুজন। বঙ্গবন্ধু বিপিএলে তার ব্যতিক্রম হয়নি। তবে অতীতের আসরগুলোর বেশির ভাগ ক্ষেত্রে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সুজন। চিটাগং কিংস, ঢাকা ডাইনামাইটসের কোচ ছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তার অধীনে বিপিএলের শিরোপাও জিতেছে ঢাকা ডাইনামাইটস।

বিসিবির এই পরিচালকের মূল পেশা কোচিং। ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে নিয়মিত মুখ তিনি। জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন। অথচ বঙ্গবন্ধু বিপিএলে সরাসরি কোচিংয়ের সঙ্গে নেই সুজন। এবার খুলনা টাইগার্সের টিম ডিরেক্টর হিসেবে আছেন তিনি। দলটির কোচ জেমস ফস্টার। কোচের দায়িত্ব না থাকার বিষয়ে জানতে চাইলে গতকাল সুজন বলেছেন, ‘আসলে বিসিবি থেকে দায়িত্ব দেয়া হয়েছে টিম ডিরেক্টরের। তাছাড়া গত আসরেও আমি ঢাকা ডাইনামাইটসের কোচ ছিলাম। আমি একটি কোম্পানিতে চাকরি করি। এবার ফ্র্যাঞ্চাইজ নেই। মানে আমার দলও নেই। তাই অন্য দলে কোচের কাজ করা ঠিক হবে না। বিসিবির দেয়া টিম ডিরেক্টরের দায়িত্বই পালন করছি।’

বঙ্গবন্ধু বিপিএলে একমাত্র দেশীয় কোচ হিসেবে কাজ করছেন মোহাম্মদ সালাউদ্দিন। মাশরাফি-তামিমদের ঢাকা প্লাটুনের হেড কোচ তিনি।