স্কুল হকিতে অর্থ কমে গেল

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪৯

  স্পোর্টস রিপোর্টার

জাতীয় স্কুল টুর্নামেন্ট আগামী ফেব্রুয়ারিতে শুরু করার পরিকল্পনা নিয়েছে হকি ফেডারেশন। গত বছর হয়নি বলে এবার ফেডারেশন তোড়জোড় শুরু করেছে। সামনে জাতীয় নির্বাচন। এরপরই জাতীয় স্কুল হকি টুর্নামেন্ট আয়োজনের জন্য কাজ শুরু করবে ফেডারেশন। এবারও জাতীয় স্কুল হকির পৃষ্ঠপোষকতা করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তাদের সঙ্গে হকি ফেডারেশনের একটি সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। গতকাল দুপুরে তেজগাঁও বিমানবাহিনীর ফ্যালকন হলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফেডারেশন এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের স্কুল হকি টুর্নামেন্টের জন্য ১ কোটি টাকা দেবে বলে জানানো হয়। আগের দুই বার দুই কোটি টাকা করে চার কোটি টাকা দিয়েছিল এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এবার তারা টাকা কমিয়ে দিয়েছে। ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে- যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি স্পন্সরকে বুঝিয়ে সঠিকভাবে অর্থ সংগ্রহ করতে পারেনি। টাকা কমে যাওয়ায় এবার টুর্নামেন্টের ব্যাপ্তিও কমে যাবে।