এবার জুনিয়র ব্যাডমিন্টন সিরিজ শুরু আজ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২১:১৬

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষ এককে সাবেক জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের লক্ষণ সেন এবং মহিলা এককে ভিয়েতনামের থুই লিন্হ নঙ্গুইয়ান চ্যাম্পিয়ন হয়েছেন।  সিনিয়রদের সব ইভেন্টে বিদেশি শাটলাররা আধিপত্য দেখিয়েছেন। বাংলাদেশি খেলোয়াড়রা নিজেদের দক্ষতা দেখাতে পারেননি। সিনিয়রদের পর এবার একই টুর্নামেন্টের জুনিয়র লড়াই শুরু হচ্ছে আজ। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ আজ থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে। ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল ও বাংলাদেশসহ পাঁচটি দেশ থেকে পুরুষ খেলোয়াড় ৩২ জন, মহিলা খেলোয়াড় ২০ জন—সর্বমোট ৫২ জন শাটলার অংশগ্রহণ করছেন। প্রাইজমানি ৫ হাজার ডলার। ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশন এবং ব্যাডমিন্টন এশিয়ার সহযোগিতায় এই টুর্নামেন্টের ব্যয় প্রায় ২৭ লাখ টাকা। ছয় দিনের খেলা শেষ হবে ২২ ডিসেম্বর।