ট্রলির নিচে পড়ে মোটরসাইকেল আরোহী ‘প্রেমিক যুগল’ নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২১:২৫

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে ট্রলির নিচে চাপা পড়ে এক ‘প্রেমিক যুগল’ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকালে উপজেলার জকিগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার দিঘিরপার ইউনিয়নের শাহপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে রাসেল আহমদ (২৭) এবং জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের হারিছ উদ্দিনের মেয়ে শাবনুর বেগম (১৯)। শাবনুর সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ৩য় বর্ষের ছাত্রী ছিলেন। সে সিলেট শহরে একটি ছাত্রী হোস্টেলে থাকতেন।

জানা গেছে, জকিগঞ্জ থেকে মোটরসাইকেলে ভরন এলাকা দিয়ে কোথাও যাচ্ছিলেন রাসেল ও শাবনুর। পথিমধ্যে একটি ইটবাহী ট্রলি পাশের একটি সরু সড়কে প্রবেশ করছিলো। এ সময় মোটরসাইকেলের সঙ্গে ট্রলির সংঘর্ষ হলে রাসেল ও শাবনুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের কর্মসূচি বর্জন 

নিহত শাবনুরের বাবা হারিছ উদ্দিন জানিয়েছেন, তার মেয়ে বিজয় দিবস উপলক্ষে সিলেট থেকে বাড়িতে আসছে বলে ফোনে জানিয়েছিলেন। এরপর কখন, কিভাবে ওই রাসেলের সঙ্গে শাবনুর গেলেন, তা তিনি জানেন না। রাসেলকেও তিনি চেনেন না। 

ইত্তেফাক/এএএম