তাড়াশ বিএডিসি অফিসের উপ-সহকারী প্রকৌশলী ইসরাফিল হোসেন কৃষকদের কাছ থেকে ঘুষ নিতে গিয়ে জনতার হাতে আটক হন। তিনি সোমবার সন্ধ্যায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিণা বাজারে ঘুষ নিতে গেলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুচলিকা নিয়ে ওই কর্মকর্তাকে ছেড়ে দেন।
ফিরোজ মাহমুদ, নিজাম উদ্দিনরসহ এলাকার একাধিক কৃষক বলেন, বিজয় দিবসে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) তাড়াশ অফিসের উপ-সহকারী প্রকৌশলী ইসরাফিল হোসেন নিজ কর্মস্থলে উপস্থিত ছিলেন না। তিনি উপজেলার দেশীগ্রাম তালম ইউনিয়ন এলাকায় বৈদ্যুতিক সেচযন্ত্রের আবেদনকারী কৃষকদের কাছ থেকে ঘুষ নিতে ও তাগাদা দিতে আসেন।
দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, বিক্ষুব্ধ কৃষকরা তাড়াশ বিএডিসি অফিসের উপ-সহকারী প্রকৌশলী ইসরাফিল হোসেনকে ঘুষ নেওয়ার দায়ে আটক করেন। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযুক্ত ইসরাফিল হোসেনের বক্তব্য নেওয়ার জন্য বারবার চেষ্টা করা হয়। পরে বক্তব্য দেওয়ার কথা বলে তিনি মোবাইলের কল কেটে দেন।
তাড়াশের ইউএনও (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ বলেন, উপ-সহকারী প্রকৌশলী ইসরাফিল হোসেনের বিরুদ্ধে কৃষকদের কাছ থেকে ঘুষ নেওয়ার একাধিক অভিযোগ পেয়েছি। বিস্তারিত জেনে নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
