শীতের তীব্রতা নেই পশ্চিমের জেলাগুলোতে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:০৮

ডিসেম্বর মাসের অর্ধেক পার হলেও পশ্চিমের জেলাগুলোতে তেমন শীত পড়েনি। যশোর, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি রয়েছে। অথচ অন্যান্য বছর এ সময় শীতের তীব্রতা বেড়ে যায়। পশ্চিমী লঘুচাপ শীতের পথে বাধা হয়ে আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা সামাদুল হক জানান, ডিসেম্বর মাসে একদিন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। তারপর বেড়ে যায়। সোমবার সকালে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যশোরে সোমবার সকালে তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার পর তাপমাত্রা বেড়ে যায়।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, পশ্চিমী লঘুচাপের কারণে শীত পড়ছে না। এটি কেটে গেলে শীত পড়তে শুরু করবে। তিনি জানান, ১৮ ডিসেম্বরের পর শীতের তীব্রতা বাড়বে। আর সারাদেশে স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রয়েছে।