রাজাকারদের তালিকা হয়েছে হীন উদ্দেশ্যে ---------------- মির্জা ফখরুল

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:৪৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার তার রাজনৈতিক প্রয়োজনে হীন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন তালিকা তৈরি করেছে। রাজাকারদের তালিকা তৈরি করা হয়েছে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে। পুঙ্খানুপুঙ্খভাবে বিচার না করে এই ৪৯ বছর পরে রাজাকারের তালিকা কতটুকু সঠিক হয়েছে সেটা এখনই বলা সম্ভব নয়। তবে আওয়ামী লীগে অনেক রাজাকার আছে, যাদের নাম রাজাকারের প্রকাশিত তালিকায় নেই। সুষ্ঠু রাজাকারদের তালিকা একমাত্র মুক্তিযোদ্ধারা করতে পারেন।

গতকাল সোমবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তার আগে সকালে বিএনপি নেতারা সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, গণতান্ত্রিক সমাজব্যবস্থা। ৪৯ বছর পরে এই দেশ সম্পূর্ণভাবে গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে। এই দেশে আজ গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করা হয়েছে।