যুব ও কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় বরিশালে মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার নগরীর বিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নারীপক্ষ অধিকার এখানে, এখনই (আরএইচআরএন) প্রকল্পের উদ্যোগে বিভাগের যুব ও কিশোর-কিশোরীরা এতে অংশগ্রহণ করেন। মতবিনিমিয় সভায় বয়োঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা ও সেবা সরবরাহের বিষয়টি তুলে ধরে এ সংক্রান্ত গবেষণার প্রাপ্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন আরএইচআরএনের প্রকল্প সমন্বয়কারী সামিয়া আফরীন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. মোহাম্মদ তৈয়বুর রহমান বলেন, এই বয়সে স্বাস্থ্যসেবা খুব গুরুত্বপূর্ণ হলেও সচেতনতার অভাব, গোপনীয়তার প্রবণতা ইত্যাদি কারণে তারা পর্যাপ্ত সেবা পায় না। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাত্ দৌলাতুন নেসা নাজমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালেদা বেগম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ শোয়েব ফারুক। স্বাগত বক্তৃতা করেন বিএমকেএস পরিচালক কাওসার পারভিন। বক্তারা বলেন, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কিশোর-কিশোরীদের সচেতন করতে বড় ভূমিকা রাখতে পারে পরিবার ও বিদ্যালয়গুলো।
