উখিয়ায় জঙ্গল থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

একজন আটক

 উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় উখিয়া থানা পুলিশ মঙ্গলবার ভোররাতে এ উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল বাঘঘোনা গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারত থেকে আমদানিকৃত মোটরপার্টস উদ্ধার করেছে। এ ঘটনায় তুতুরবিল গ্রামের মকবুল প্রকাশ চোরা মকবুলের ছেলে কাভার্ড ভ্যানের হেলপার মোঃ মিজান (২৫)-কে পুলিশ আটক করে উদ্ধৃত মালামাল উদ্ধার ও কাভার্ড ভ্যানের চালক মোঃ সোহাগকে আটক করার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন।

টিভিএস মোটরপার্টস আমদানিকারক প্রতিষ্ঠানের চট্টগ্রামস্থ প্রতিনিধি মনিরুল ইসলাম চৌধুরী জানান, গত ২৬ নভেম্বর দুপুর ১২টার দিকে তাদের নিজস্ব কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৩০ লাখ টাকার মোটর পার্টস ভর্তি করে টঙ্গী গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়ে উধাও হয়ে যায়। এ ব্যাপারে ২৮ নভেম্বর চট্টগ্রাম সিএমপি সদরঘাট থানায় চালক ও হেলপারকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সোমবার সিএমপির একটি দল উখিয়া থানা পুলিশের সহযোগিতায় তুতুরবিল গ্রামে অভিযান চালিয়ে গাড়ির হেলপার মিজানকে আটক করে।

উখিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোঃ শামীম ভুইয়া জানান, আটক হেলপার মিজানের স্বীকারোক্তি অনুযায়ী বাঘঘোনা গভীর জঙ্গলে লুকিয়ে রাখা প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।