কুড়িগ্রামে বেড়েছে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৮

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৌষের শুরুতেই বেড়েছে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা। স্বাভাবিকের চেয়ে কমেছে তাপমাত্রা। ঠাণ্ডায় কাঁপছে মানুষ ও পশুপাখি। প্রয়োজন পড়েছে শীত বস্ত্রের।

পালা বদলের হাওয়ায় এবারও শীত এসেছে নিজস্ব রূপে। ষড়ঋতুর পঞ্চম এ ঋতুর শুরুতে গত ২ দিন থেকে সকাল আসে কুয়াশার চাদর মুড়ি দিয়ে। ঘন কুয়াশায় অনেক বেলা অবধি দেখা পাওয়া যায় না সূর্যের। চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত দেখা যায় কুয়াশা ঘেরা অন্ধকার প্রকৃতি। ধীরে ধীরে কুয়াশার আস্তরণ ভেদ করে দুপুরে কিছুক্ষণের জন্য সূর্য আলো ছড়ায়। এতে কিছুটা উত্তাপ ছড়ালেও দিনব্যাপী বইতে থাকা হিমশীতল হাওয়ায় ঠাণ্ডা কাটে না। কনকনে ঠাণ্ডায় তাই বিশেষ কাজ ছাড়া বাইরে বের হতে কেউ সাহস পান না।

আরও পড়ুন: অর্থের অভাবে থেমে আছে শিশু বরকতের চিকিৎসা 

কর্মব্যস্ত মানুষ শরীরে বাড়তি পোশাক জড়িয়ে বেরিয়ে পড়েন। বাসায় ফেরেন সন্ধ্যার অনেক আগেই। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের ছিন্নমূল মানুষ। যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই, তারা শরীরে পাতলা কাপড় জড়িয়ে কাজে যান। রাতেও সেভাবেই তারা গুটিসুটি মেরে শুয়ে থাকেন। 

অনেককে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে। ঠাণ্ডাজনিত সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক মানুষ ও শিশু।

ইত্তেফাক/এএএম