সাভারে বাসের চাপায় বাবা-ছেলে নিহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২০:১৮

সাভারে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে  বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হলেন, সাভারের রাজফুলবাড়িয়া রাজাঘাট এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন শিকদার (৭০) ও তার ছেলে মোঃ কাইয়ুম শিকদার (৫০)।

নিহত কাইয়ুম শিকদারের মেঝো ছেলে রাকিব শিকদার জানান, সকালে তার দাদা আলাউদ্দিন শিকদার রাজাঘাটের বাসা থেকে পিঠা নিয়ে তার বাবা কাইয়ুম শিকদারকে খাওয়ানোর জন্য পৌর এলাকার মুক্তির মোড়ে তাদের বাসায় আসেন। আনন্দ করে পিঠা পায়েস খাওয়ার পর আমার বাবা তার মোটরসাইকেল নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের বাড়ি রাজফুলবাড়িয়ার রাজাঘাটে দাদাকে পৌঁছে দেওয়ার জন্য রওনা দেন।মোটরসাইকেলটি ব্যাংক টাউন ব্রিজের ওপর পৌঁছালে পিছন থেকে একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এ সময় তারা ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই দাদা আলাউদ্দিনের মৃত্যু হয়। বাবা কাইয়ুমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু ঘটে।

আরও পড়ুন: নাটোরে শো-রুম যেন বিআরটিএ-র অফিস

সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আব্দুল্লাহেল বাকী জানান, খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক গাড়িটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু