কর্মকর্তাদের সত্ হওয়ার আহ্বান জানালেন পল্লী বিদ্যুতের চেয়ারম্যান

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন। একইসঙ্গে সব পর্যায়ের দুর্নীতি শতভাগ দূর করতে কাজ করার জন্য তাদেরকে নির্দেশনা দেন তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ব্রিগেডিয়ার সবিহ্উদ্দিন আহমেদ হলে এক শুদ্ধাচার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বিদ্যুত্ বিভাগের অতিরিক্ত সচিব মোছা. মাকছুদা খাতুন ও দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মঈদুল ইসলাম। সভাপতিত্ব করেন বোর্ডের সদস্য (প্রশাসন ও অর্থ) ও সরকারের যুগ্ম সচিব মো. জয়নাল আবেদীন। আরইবি চেয়ারম্যান বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের শপথ নিতে হবে। কর্মক্ষেত্রে অনৈতিক স্বার্থ পরিহার এবং দুর্নীতিবাজদের বর্জন করব। যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের সঙ্গে আপোষ করব না।