চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের ৩০ বছর পূর্তি উপলক্ষে পাঁচ দিনব্যাপী সংস্কৃতি উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে চুনারুঘাট ডিসিপি হাইস্কুল মাঠে এ উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
উৎসবে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ৩০ বছর ধরে সাহিত্য সংস্কৃতির ঐতিহ্য তরুণরা এগিয়ে নিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে এগিয়ে যাচ্ছে এ সংস্কৃতি। বঙ্গবন্ধু বলেছিলেন বাঙালি জাতি মুক্তি চায়। দেশ স্বাধীন হয়েছে কিন্তু সংস্কৃতি এখনও পুরোপুরি স্বাধীন হয়নি। ধর্ম বিশ্বাস ও ধর্ম দূষণ এক নয়। আমাদের এই তরুণদের নিয়ে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। একটি শ্রেণি আছে ধর্মকে পুঁজি করে সংস্কৃতিকে ধ্বংস করতে চায় । এ বিষয়ে আমাদের সকলেই এগিয়ে থাকা দরকার।
অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এমপি বলেন, আমাদের হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্য রয়েছে। আমাদের এই সংস্কৃতি ধরে রাখতে হবে। ১৯৭১ সালের পর অনেকবার বাংলা সংস্কৃতি বন্ধের ডাক এসেছে কিন্তু তা বন্ধ হয়নি। রমনার বটমূলে এখনও বাংলা ঐতিহ্যের গান হয়।
পরিষদের সভাপতি সালেহ উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন, পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ রঞ্জন পাল। উদ্বোধন অনুষ্ঠান শেষে আবৃতি পরিবেশন করেন স্বপ্না চক্রবর্তী, মাহিদুল ইসলাম মাহিসহ স্থানীয় আবৃতি শিল্পীরা।
পরে আসাম ও ত্রিপুরার প্রতিনিধি দলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান করা হয়। সবশেষে বিভিন্ন মরমী সাধকের গান পরিবেশন করেন ফজলুর রহমান বাবু ও লাভলী রায়। আগামী ২১ ডিসেম্বর পাঁচ দিনব্যাপী সাহিত্য সংস্কৃতি উৎসব শেষ হবে।
ইত্তেফাক/ইউবি
