চট্টগ্রাম পর্বে তামিমকে নিয়ে অনিশ্চয়তা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪২

আক্রান্ত জ্বর ও ইনজুরিতে

স্পোর্টস রিপোর্টার

প্রথমে বিশ্রাম নিলেন ক্রিকেট থেকে। মানসিক ক্লান্তিজনিত বিশ্রাম। এরপর বাধ্য হয়ে ছুটি নিতে হলো ক্রিকেটে ফেরার আগেই। দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষ্যে আবার মিস করলেন কিছুদিন ক্রিকেট। অবশেষে এই চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে ফিরেছিলেন খেলায়। তিন ম্যাচের দুইটিতে খুব ভালো ব্যাটিংও করেছেন; কিন্তু আবার ক্রিকেট থেকে অল্প সময়ের জন্য সরে যেতে হলো।

এবার জ্বর ও কুঁচকির ইনজুরিতে আক্রান্ত তামিম ইকবাল। সোমবার অসুস্থতা নিয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা প্ল্যাটুন্সের এই ওপেনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন, চট্টগ্রাম পর্বে খেলার সম্ভাবনা নেই তামিমের।

তবে দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, পরীক্ষার ফলাফল নিশ্চিত করেছে যে, তামিমের ফুড পয়জনিং বা ডেঙু হয়নি। এই খবর জানিয়ে তিনি বলেছেন, ‘ফুড পয়জনিং আসলে নয়। ওর টয়লেট হচ্ছিল, বমি আসছিল, জ্বর। আর ফুড পয়জনিং কিন্তু ভাইরাসের কারণে হতে পারে। আমরা ঠিক নিশ্চিত না। তবে আজ নিশ্চিত হওয়া গেছে ডেঙ্গু নয়। এক কথায় বলতে গেলে এটা ভাইরাল অসুস্থতা।’

ডাক্তার দেবাশীষ এটা অন্তত বলেছেন যে, খুব গুরুতর কোনো সমস্যা নেই এই দেশসেরা ওপেনারের। আজই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে, ‘তামিমকে আজ (গতকাল) বিভিন্ন ধরনের পরীক্ষা করানো হয়েছে। ও ভাইরাল জ্বরে ভুগছে। তেমন খারাপ কিছু না। আজ হাসপাতালে থাকতে বলেছে। কাল (আজ) ছেড়ে দেবে।’

ধীরে ধীরে কমছে তামিমের জ্বর। সেটা সেরে গেলে কুঁচকির চোটের জন্য স্ক্যান করানো হবে বলে জানান দেবাশীষ, ‘ওর শরীর এখন দুর্বল, তবে আমার ব্যক্তিগত মত হলো, আগামী দুই-চার দিন (খেলায়) নেই এটা নিশ্চিত। শেষের দিকে একটা ম্যাচ (খেলতে) পারতেও পারে হয়তোবা।’

চিকিত্সক বলেছেন যে, জ্বর সেরে গেলে তবে তার কুঁচকির ব্যথার চিকিত্সা শুরু করে। সে জন্যই তাকে কয়েক দিন খেলার বাইরে থাকতে হবে। সে ক্ষেত্রে চট্টগ্রাম পর্বে বিপিএলে তামিমের খেলার খুব একটা সম্ভাবনা নেই, ‘কুঁচকিতে ব্যথা আছে, তবে ব্যথার চেয়ে আগে জ্বর নিয়ন্ত্রণ করতে হচ্ছে। জ্বরের জন্যই সে কয়েক  দিন খেলার বাইরে থাকবে। কাল শরীর ভালো থাকলে ওর একটা স্ক্যান করানো হবে।’