বাবা-ছেলেসহ সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২২:২১

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় নিহত হয়েছেন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

সাভার : বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাভারের রাজফুলবাড়িয়া রাজাঘাট এলাকার মো. আলাউদ্দিন শিকদার (৭০) ও তার ছেলে মো. কাইয়ুম শিকদার (৫০)।

গাদাগাড়ী (রাজশাহী) : গোদাগাড়ীর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে প্যারাডাইস রাইস মিল এলাকায় ট্রাকের চাপায় জাকের (১৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার গোগ্রাম ইউনিয়নের ধাতমা গ্রামের রুমেলের ছেলে।               মিরপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় হাজী আবুল হাসেম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের দাখিল মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কালিহাতী (টাঙ্গাইল) : কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সামনে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. রফিকুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বড়াইগ্রাম (নাটোর) : বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে গতকাল বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক চালক জাহিদুল ইসলাম (৩০) নিহত ও ১০ যাত্রী আহত হয়েছেন।