ভিপি নুরের সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা ১০ জন আহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২২:২৩

ভারতে চলমান বিতর্কিত এনআরসি এবং নাগরিকত্ব বিলের প্রতিবাদ ও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধনের ঘোষণা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। পূর্বঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার বিকালে রাজু ভাস্কর্যের পাদদেশে সংহতি সমাবেশ করতে আসলে সেখানে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার শিকার হন নুরুল হক ও তার সঙ্গে আসা নেতাকর্মীরা। এ সময় তারাও পালটা হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের ওপর। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়। এদিকে হামলা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজ বুধবার সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন নুর।

জানা যায়, বিকাল চারটায় ভারতের বিতর্কিত ও সাম্প্রদায়িক বিভেদের নাগরিক আইন এনআরসির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি সমাবেশ শুরুর আগেই রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুনসহ বেশ কয়েকজন। পরে ভিপি নুরসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা ব্যানার নিয়ে দাঁড়াতে গেলে মঞ্চের নেতাকর্মীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হামলা পালটা হামলায় উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।